Top News

না ফেরার দেশে বরেণ্য শিক্ষাবিদ যতীন সরকার

 


বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী সুব্রত রায় টিটু।

তিনি জানান, অধ্যাপক যতীন সরকারের একমাত্র মেয়ে সুদীপ্তা সরকারের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকায় অবস্থান করে বাড়ি ফেরার কিছুদিন পর গত সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অধ্যাপক যতীন সরকার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য ভূমিকা ছিল।

লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ সালে পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার পান। এ ছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।


Post a Comment

নবীনতর পূর্বতন